জকসু নির্বাচন

কেন্দ্রীয় সংসদের শীর্ষ তিন পদই ছাত্রশিবিরের

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি (সহসভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থীরা জয়লাভ করেছেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টির ফলাফল ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ঘোষিত ৩৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত) ৫ হাজার ৫৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত) পেয়েছেন ৪ হজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৮৯৪। ভোটের ব্যবধান হিসাব করলে দেখা যায় বাকি একটি কেন্দ্রের সব ভোটও যদি একেএম রাকিব পান তারপরও রিয়াজুল জয়ী হবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে থাকা রিয়াজুল ইসলাম ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী।

জকসু নির্বাচনে দ্বিতীয় শীর্ষ পদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট। এখানেও দেখা যায়, বাকি একটি কেন্দ্রের ভোট জয়-পরাজয়ে ভূমিকা রাখবে না।

তৃতীয় শীর্ষ পদ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩ হাজার ৯৮৪ ভোট। এই পদেও নিজের জয় নিশ্চিত করেছেন শিবির সমর্থিত মাসুদ রানা।

জকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ২১ পদ ও হল শিক্ষার্থী সংসদে ১৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার, অ্যাকাডেমিক ও আবাসন সমস্যা, পরিবহন, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়াসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখবেন। জকসু নির্বাচনে চারটি পূর্ণাঙ্গ ও একটি আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদের যৌথ প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বামপন্থি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এ চারটি পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জকসু নির্বাচনে ৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৯০ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৫৭ এবং হল সংসদে ৩৩ জন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। কেন্দ্রীয় সংসদে পুরুষ প্রার্থী ১৩৯ এবং নারী প্রার্থী ১৮ জন। সদস্য পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা লক্ষ করা গেছে। সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে লড়ছেন ৫৭ জন প্রার্থী।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ১২, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৮, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৭, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৭, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭, ক্রীড়া সম্পাদক পদে ৮, পরিবহন সম্পাদক পদে ৪, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৬, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৫, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ৮ ও কার্যনির্বাহী সদস্য পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।