কর্ণফুলী নদী থেকে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার 

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে রিয়াদুল হক (২২) নামে জাহাজের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী উপজেলার ডাঙারচর ৯ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। লাশটি ওই এলাকায় জেলেদের জালে আটকে ছিল।

নিহত রিয়াদুল হক উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মো. হেলালের ছেলে। গত রবিবার বিকেল ৪টার দিকে কর্ণফুলীর ইছানগর–সংলগ্ন -রিসোর্স ঘাটে একটি জাহাজ থেকে মাছ নামাতে গিয়ে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। 

নৌ পুলিশ জানায়, রবিবার জাহাজ থেকে রিয়াদুল নদীতে পড়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। গতকাল বুধবার রাতে জেলেদের জালে লাশ আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে রিয়াদুলের লাশ হস্তান্তর করা হয়। 

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।