মাদক পাচারের দায়ে কুয়েতে দুই ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

কুয়েতের একটি ফৌজদারি আদালত বিপুল পরিমাণ মাদক পাচারের দায়ে দুই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশটির ভেতরে মাদক বিতরণের উদ্দেশ্যে এসব মাদক আনা হয়েছিল বলে আদালতে প্রমাণিত হয়।

কর্তৃপক্ষ জানায়, কাইফান ও শুয়াইক এলাকায় অভিযানের সময় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৪ কেজি হেরোইন, ৮ কেজি মেথঅ্যামফেটামিন যা স্থানীয়ভাবে শাবু নামে পরিচিত এবং ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, তারা কুয়েতের বাইরে থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সদস্য।

বিচারক খালেদ আল তাহুসের নেতৃত্বে ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেন। আবাসিক এলাকায় পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মামলাটি গড়ে তোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট ফর ড্রাগ কন্ট্রোল।

কুয়েতি কর্তৃপক্ষ এই উদ্ধার অভিযানকে সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে। তারা পুনরায় জানিয়েছে, মাদক সংক্রান্ত অপরাধে কুয়েতের অবস্থান কঠোর এবং এ ধরনের অপরাধে দেশের আইনে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।