বেগম জিয়া স্বার্থের জন্য কখনো আপস করেননি: আমীর খসরু

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা বারবার জেলে গিয়েছি নির্যাতিত হয়েছি কিন্তু সাহস হারাইনি। এটি বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি। তিনি বলেন, দেশনেত্রী বেগম জিয়া স্বার্থের জন্য কখনো আপোষ করেননি, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি।

আধিপত্যকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। জীবনের বেশিরভাগ সময় উনি দেশের মানুষের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, আন্দোলন সংগ্রাম করে গেছেন। জেলে গেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু আপোষ করেননি। উনি যদি সেদিন সমঝোতা করতেন আমাদের এই সাহস হতো না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, যারা দেশ বিক্রি করে দিয়েছেন, দুর্নীতি করেছেন, নিজের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করেছেন তারা কিন্তু এখন কেউ রাজনীতিতে নাই। এরশাদের সাথে অনেকে সমঝোতা করে নির্বাচনে গিয়েছেন। ১/১১ সরকারের সাথে অনেকে সমঝোতা করেছেন, কিন্তু বেগম জিয়া সমঝোতা করেননি, বিএনপি সমঝোতা করেনি। তাই বিএনপি আজকে দেশের সবচেয়ে জনপ্রিয়  দল, যে দল আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মুবিন, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, মহানগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিন প্রমুখ।