দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাস করে এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রাঙ্গণে আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, ‘নমিনেশন দাখিলকে কেন্দ্র করে কোথাও মারামারি, বোমাবাজি বা কোনো ধরনের সহিংসতার তথ্য আমরা পাইনি। এটি একটি ইতিবাচক দিক। অতীতের অভিজ্ঞতার তুলনায় এবারের নমিনেশন দাখিল প্রক্রিয়া অনেক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেগুলো আইন অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন। নির্বাচন কমিশন একটি আপিল কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে কিংবা গ্রহণযোগ্য হলে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী বা পক্ষ চাইলে আইনের আওতায় আপিল করতে পারেন।
তিনি আরও বলেন, আমাদের কাছে যারা আপিল করছেন, আমরা প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে শুনছি। দূর-দূরান্ত থেকে প্রার্থীদের উপস্থিতি প্রমাণ করে যে জনগণ ও প্রার্থীরা নির্বাচনের বিষয়ে কতটা আগ্রহী। আমরা এটিকে ইতিবাচকভাবেই দেখছি।
সিইসি বলেন, নির্বাচন কমিশন আইন ও বিধিবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত নেয় না। আইন সবার জন্য সমান এবং সবাইকে তা মানতে হবে। রিটার্নিং অফিসারদের আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং আপিলের ক্ষেত্রে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুসরণ করেই সিদ্ধান্ত দেবে। আপিল শুনানি শেষে আইন অনুযায়ী যে সিদ্ধান্ত হওয়া উচিত, সেটিই দেওয়া হবে। ইনশাআল্লাহ, ন্যায়বিচার নিশ্চিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।