জেমস ভিন্সের বিধ্বংসী ইনিংসও শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারল না। ওয়ান্ডারার্সে বজ্রপাতের কারণে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালসের মধ্যকার এসএ টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রথমে ব্যাট করে জোবার্গ সুপার কিংস ৬ উইকেটে ১৮৭ রান তোলে। তবে দ্বিতীয় ইনিংস শুরুর আগেই আকাশে ঘন মেঘ জমে। বৃষ্টি না হলেও মাঠের খুব কাছাকাছি বজ্রপাত হওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি। চলতি আসরে এটি চতুর্থ পরিত্যক্ত ম্যাচ, যা এসএ টোয়েন্টির এক আসরে সর্বোচ্চ।
নতুন ওপেনিং জুটি হিসেবে ফাফ ডু প্লেসিস ও জেমস ভিন্স শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে জোবার্গ। তরুণ নকোবানি মোকোয়েনার একটি ওভারে বেদম পিটুনি দেন ডু প্লেসিস। অষ্টম ওভারে সিকান্দার রাজার দারুণ এক ডেলিভারিতে ২৪ বলে ৩৯ করা ডু প্লেসিস বোল্ড হলে ভাঙে উদ্বোধনী জুটি। তবে ভিন্স ইনিংসের ভার নিজের কাঁধে তুলে নেন। তিনি ১৭তম ওভার পর্যন্ত ব্যাট করে ৪৩ বলে ৭৫ রান করেন।
এই ফলাফলে পয়েন্ট টেবিলে জোবার্গ সুপার কিংস দ্বিতীয় এবং পার্ল রয়্যালস তৃতীয় স্থানেই রইল। আগামী সোমবার, উনিশ জানুয়ারি, বোল্যান্ড পার্কে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।