কুয়েতে অনুষ্ঠিত ফরাসি সুপার কাপের ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় আবারও শিরোপা জিতল প্যারিস সাঁ জার্মেইন (পিএসজি)। স্টপেজ টাইমে গনসালো রামোসের গোলে ম্যাচে সমতা ফিরলে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা চতুর্থবারের মতো ফরাসি সুপার কাপ জিতে নেয় প্যারিসের দলটি।
চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি শুরু থেকেই ম্যাচে দাপট দেখায়। মাত্র ১৩ মিনিটেই দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। তখন মনে হচ্ছিল, লিগ ওয়ান ও ফরাসি কাপজয়ী দলটি সহজ জয়ই পেতে যাচ্ছে। তবে শেষ দিকে দৃশ্যপট পাল্টে দেয় মার্সেই। প্রথমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসন গ্রিনউড। এরপর পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই, যা ছিল ম্যাচের বড় চমক।
কিন্তু নাটকের তখনও অনেক বাকি। নির্ধারিত সময়ের একেবারে শেষ সেকেন্ডে গোল করে পিএসজিকে বাঁচান গনসালো রামোস। তার সেই গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে পিএসজির নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক লুকাস শেভালিয়ে। তিনি মার্সেইয়ের ম্যাট ও’রাইলি এবং হামেদ ত্রাওরের শট ঠেকিয়ে দেন। অন্যদিকে পিএসজির হয়ে রামোস, ভিতিনহা, নুনো মেন্দেস ও দেজিরে দুয়ে বল জালে পাঠান।
রেকর্ড ১৪ বারের ফরাসি সুপার কাপজয়ী পিএসজি গত মৌসুমে লিগ ওয়ান ও ফরাসি কাপ—দুটিই জিতেছিল। সেই সুবাদে লিগের রানার্সআপ মার্সেইয়ের বিপক্ষে খেলতে নেমে তারা গত ১৩ বছরের মধ্যে ১২ তম বারের মতো এই ট্রফি নিজেদের করে নিল।
ভিনিসিয়ুসকে সিমিওনে বললেন ‘ফ্লোরেন্তিনো তোমাকে বের করে দেবে’!
আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল, সুপার কাপে এল ক্লাসিকোর অপেক্ষা