স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ২–১ গোলে হেরে গেছে আতলেতিকো মাদ্রিদ। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় চলে এসেছে ম্যাচ চলাকালীন আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে ও রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে তীব্র বাকবিতণ্ডা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও মাঠের উত্তেজনা থামেনি।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ভিনিসিয়ুসের উদ্দেশ্যে সিমেওনে বলেন, ‘ফ্লোরেন্তিনো (রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ) তোমাকে বের করে দেবে, আমার কথা মনে রেখো’! সিমিওনের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্রাজিলিয়ান উইঙ্গার।
রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। নতুন চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। সম্প্রতি কয়েকটি ম্যাচে নিজ দলের সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে। ম্যাচের ৮১ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে আর্দা গ্যুলারকে নামানোর সময় দর্শকরা সিটি বাজাচ্ছিলেন। সেই মুহূর্তে সিমেওনে ইঙ্গিত করে দর্শকদের শিস দেওয়ার বিষয়টি ভিনিকে দেখান, যা আরও উত্তেজনা সৃষ্টি করে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে সিমেওনে বলেন, ‘মাঠে যা হয়, তা মাঠেই থাকে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’ সাংবাদিকরা আবার ফ্লোরেন্তিনো পেরেজ প্রসঙ্গ তুললে তিনি হালকা হাসি দিয়ে বলেন, ‘আমার মনে নেই, আমার স্মৃতিশক্তি খুব খারাপ।’
ভিনিসিয়ুস অবশ্য গণমাধ্যমে কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা বার্তা দেন। তিনি লেখেন, ‘তুমি আরেকটি নকআউট ম্যাচ হারলে।’ পোস্টটির সঙ্গে ছিল কান্নার ইমোজি, যা স্পষ্টভাবেই সিমেওনের উদ্দেশে করা।
এই বিতর্কে সবচেয়ে শক্ত অবস্থান নেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। তিনি সরাসরি সিমেওনের আচরণকে অখেলোয়াড়সুলভ বলে আখ্যা দেন। আলোনসোর ভাষায়, ‘আমি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলি না এবং সম্মান বজায় রাখার চেষ্টা করি। যা বলা হয়েছে বা শোনা গেছে, সেটি ভালো উদাহরণ নয়। মাঠে সবকিছুরই একটা সীমা আছে, প্রতিপক্ষকে সম্মান করতেই হবে।’
তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক
আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল, সুপার কাপে এল ক্লাসিকোর অপেক্ষা