পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় সুরাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার যুগিরহাওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া (৬) ওই গ্রামের বাসিন্দা ইলিয়াস হাওলাদারের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদা জানান, সুরাইয়া বাড়ির পুকুরপাড়ে বসে খেলাধুলা করছিল। হঠাৎ কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরপাড়ে উঠে যায়। এতে মাহিন্দ্রাটির নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র শিশু সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে দিশেহারা হয়ে পড়েছে।
গাড়িটির নিয়মিত চালক রনি গাজী হলেও দুর্ঘটনার সময় চালকের সহযোগী জিসান মল্লিক মাহিন্দ্রাটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় লোকজন চালক ও তার সহযোগীকে আটকে রাখে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।