মুন্সীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৫

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার ( ৯ জানুয়ারি) সকালে উপজেলার দোসরপাড়া গ্রামে কাশেম মোল্লা ও শুকুর মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষে ঘটে।

টেঁটাবিদ্ধরা হলেন শুকুর মোল্লা (৫৫), আলী আহমেদ (৩৫), মো. হোসেন (৩২), অন্তর (১৮) ও কামাল সাধুসহ (৪০)।

লতব্দী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য মো.কামাল হোসেন জানান, দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুকুর মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা পাল্টা হামলা চালায়। এতে পাঁচজন টেটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়। আহতদের ঢাকা মিটফোর্ড ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের বিষয়ে জানতে কাশেম মোল্লা ও শুকুর মোল্লার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তারা কল রিসিভ করেনি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দোসরপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।