গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন,গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান।
তিনি জানান, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তার অংশ হিসাবে মোটরসাইকেলটি উদ্ধার ও আসামী শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি জানান, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে সনাক্ত করেছেন। আসামীদের গ্রেপ্তারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বাসন থানার যোগিতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর কমিটির সদস্য। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।
ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে যোগিতলা এলাকায় যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামে।