গাজীপুর মহানগর (জিএমপি) কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২টি মামলার আসামি মো. সম্রাট মণ্ডলকে (২৮) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের যৌথ আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্য, বিভিন্ন সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গত সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় অবস্থিত জিএমপি কোর্ট পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ৩২টি মামলার আসামি মো. সম্রাট মণ্ডল কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানার এসআই মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একই দিন দণ্ডবিধির ২২৪ ধারায় গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, সম্রাটকে এর আগে জিএমপি সদর থানার অভিযানের ভিত্তিতে গত ১৯ জুলাই গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকার চৌধুরী মার্কেটের ইব্রাহিমের আটতলা ভাড়া বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তার সঙ্গে আরও তিনজন— আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং আমিন মিয়াকেও (২৮) গ্রেপ্তার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, গ্রেপ্তার হওয়া সম্রাটকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভাটারায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ