চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলীয় মনোনয়নের বিষয়ে হাই কমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ইতিমধ্যে আন অফিসিয়ালি তা জানানো হয়েছে আগামী ২০ জানুয়ারি অফিসিয়ালি জানানো হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নগরীর গুডস হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
রাউজান আসনে এবারের সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। যাচাই বাছাই শেষে দু’জনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত সেখানে দলীয় প্রার্থী কে হচ্ছেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন- ‘আঁরে সবুজ সংকেত দিইয়ে অ ভাই, এতেল্লাই বেয়াগ্গুনে ওয়াঁরে বইস্যি দি’ (আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তাই সবাইকে নিয়ে বসেছি)।
সংবাদ সম্মেলনে রাউজানের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে গিয়াস কাদের বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিসদের গুম, খুন, ধর্ষণ ও অকথ্য নির্যাতনের যাঁতাকলে পিষ্ট ছিল রাউজান। ২০২৪ এর ৫ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর রাউজান ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল বলে সবাই ভেবেছিল। কিন্তু দুর্ভাগ্য পুরো দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও রাউজান আজো ফ্যাসিস্টমুক্ত হয়নি। আওয়ামী ফ্যাসিস্টের উচ্ছিষ্ট ভোগকারী বিএনপি দাবিদার আওয়ামী লীগের ‘বি টিম’ নামে পরিচিত চিহ্নিত গোস্টই রাউজানের একের পর এক ধারাবাহিকভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। ৫ আগস্ট পরবর্তী রাউজানের সংঘটিত হত্যাকাণ্ডের শিকার ১৯ জনের মধ্যে ১৩ জন-ই আমার অনুসারী। বাকি ৬ জন পারিবারিক ও সামাজিক সহিংসতার কারণে হত্যার শিকার। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার আমার অনুসারী যুবদল নেতা ক্যান্সার রোগী জানে আলম সিকদার।
সংবাদ সম্মেলনে গিয়াস কাদের রাউজানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান প্রতিবন্ধক আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ওই গোষ্টীর সন্তানকে জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য পদ থেকে দ্রুত অপসারণ ও জানে আলম হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
একই সঙ্গে ৫ আগস্টের পর রাউজানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তাদের খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রশ্ন রাউজানে আর কত মায়ের বুক খালি করলে শান্ত হবে আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয়দাতা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী ওই গোষ্ঠীর?’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করতে রাউজানসহ সারা চট্টগ্রামে অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানান।