নটিংহ্যামকে বিদায় করে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পুঁচকে দল রেক্সহ্যাম

রোমাঞ্চকর এক লড়াইয়ের পর টাইব্রেকারে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নশিপের দল রেক্সহ্যাম। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ৩-৩ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

ওয়েলসের রেক্সহ্যাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নায়ক ছিলেন রেক্সহ্যামের গোলরক্ষক আর্থার ওকঙ্কো। টাইব্রেকারে দুটি গুরুত্বপূর্ণ শট রুখে দিয়ে তিনি দলকে নিশ্চিত করেন ঐতিহাসিক জয়। তার দুর্দান্ত পারফরম্যান্সে উল্লাসে ফেটে পড়ে ঘরের মাঠের দর্শকরা। অভিনেতা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলহেনির সহ-মালিকানাধীন ওয়েলশ ক্লাব রেক্সহ্যাম প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বিরতির আগেই লিবারাতো কাচাচে ও অলি রাথবোনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে নটিংহ্যাম ফরেস্ট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৬৪ মিনিটে ইগর জেসুস হেডে একটি গোল শোধ দিলেও, ১০ মিনিট পরই ডাইভিং হেডে ডমিনিক হায়াম গোল করে রেক্সহ্যামের দুই গোলের লিড ফিরিয়ে আনেন। তবে শেষ দিকে নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় ফরেস্ট। বদলি খেলোয়াড় ক্যালাম হাডসন-ওডোই ৭৬ ও ৮৯ মিনিটে পরপর দুটি গোল করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পেলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে রেক্সহ্যামের জেমস ম্যাকলিন একটি শট মিস করলেও, গোলরক্ষক ওকঙ্কো ইগর জেসুস ও ওমারি হাচিনসনের শট ঠেকিয়ে দেন। এতে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে রেক্সহ্যাম। এফএ কাপে বড় ক্লাবগুলোর অংশগ্রহণের প্রথম দিনেই এমন অঘটন টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা যোগ করেছে।