এমিরেটস স্টেডিয়ামে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে লিগ ওয়ানের দল উইগান অ্যাথলেটিককে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আর্সেনাল। ম্যাচের মাত্র ২৭ মিনিটের মধ্যে ৪ গোল করে জয় নিশ্চিত করা গানার্সরা শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর এই পুরো জয়ের কারিগর ছিলেন ইংলিশ মিডফিল্ডার এবারিচি এজে।
গত কয়েক মাস আর্সেনাল ক্যারিয়ারে কিছুটা কঠিন সময় পার করছিলেন এজে। গত বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচেও তাকে হাফ-টাইমে তুলে নেওয়া হয়েছিল। তবে গতকালের ম্যাচটি ছিল তার স্বরূপে ফেরার রাত।
উইগান শুরুতে ৫ জনের রক্ষণভাগ নিয়ে নামলেও আর্সেনালের আক্রমণের মুখে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১১ মিনিটে এজের দারুণ এক থ্রু বল থেকে গোল উৎসবের সূচনা করেন ননি মাদুয়েকে। ৮ মিনিট পর এজের পাসে গ্যাব্রিয়েল মার্তিনেলি ব্যবধান দ্বিগুণ করেন। ২৩ মিনিটে বুকায়ো সাকার ক্রস আটকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান জ্যাক হান্ট। ২৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান ব্রাজিলিয় ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।
ম্যাচ শেষে কোচ মিকেল আরতেতা বলেন, 'এজের কাছ থেকে আমি ঠিক এটাই চেয়েছিলাম। আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে, তাই এই মুহূর্তে এজের ফর্মে ফেরাটা দলের জন্য খুব জরুরি ছিল। সামনে বড় বড় ম্যাচ, যত দ্রুত খেলোয়াড়রা ফিট হবে ততই আমাদের জন্য মঙ্গল।
জয়ের আনন্দ থাকলেও আর্সেনাল শিবিরে ইনজুরি নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। ওয়ার্ম-আপের সময় ইনজুরিতে পড়েন রিকার্ডো কালাফিওরি। এছাড়া অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং কাই হাভার্টজের ইনজুরি কোচ মিকেল আরতেতাকে ভাবিয়ে তুলছে।
এই জয়ের ফলে আর্সেনালের চার শিরোপা জয়ের স্বপ্ন টিকে রইল। আগামী সপ্তাহে তারা আবারও মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারের।
'বাবর-শাহিনদের দিন শেষ', সুপার স্টারদের ছাঁটাইয়ের ডাক আফ্রিদি-ইউসুফদের