সাবেক চেলসি ফুটবলারের মর্মস্পর্শী বার্তা ‘আমার হাতে আর কয়েকদিন বাকি’

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির যুব দলের সাবেক ফুটবলার লামিশা মুসোন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে করা তার কিছু মর্মস্পর্শী পোস্ট আবেগে ভাসাচ্ছে সবাইকে। একসময় ‘ব্লুজ’দের সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বিবেচিত এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার হতে খুব বেশি সময় নেই বলেও জানিয়েছেন এই ফুটবলার।

৩৩ বছর বয়সী লামিশা মুসোন্দা ২০১২ সালে তার দুই ভাই টিকা ও চার্লি মুসোন্দার সঙ্গে চেলসিতে যোগ দিয়েছিলেন। যদিও তিনি ক্লাবটির মূল দলে খেলার সুযোগ পাননি, তবে চেলসির অনূর্ধ্ব-২১ দলে ১৫টি ম্যাচ খেলেছিলেন। ওই সময়ে তিনি রুবেন লফটাস-চিক, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও নাথান আকে–এর মতো ফুটবলারদের সঙ্গে খেলেছেন, যারা বর্তমানে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলছেন।

দীর্ঘ সময় ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত ছিলেন লামিশা মুসোন্দা। সর্বশেষ ২০২৪ সালের মার্চে তিনি ইনস্টাগ্রামে কিছু পোস্ট করেছিলেন। প্রায় এক বছর নীরব থাকার পর চলতি জানুয়ারিতে টানা কয়েকটি বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানান। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে মেনে নিতে হয়েছে যে আমার শারীরিক অবস্থা সংকটজনক। এখন আমি শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছি। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল ছাড়ব না।’

আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনে অনেক উত্থান-পতন আসে, আর একজন মানুষ ভেতরে কতটা কষ্ট নিয়ে বাঁচে, তা কেউই পুরোপুরি জানে না। গত কয়েক বছর আমার জন্য ছিল অত্যন্ত কঠিন ও ক্লান্তিকর। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আমার স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছি বলেই এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে থাকতে পারিনি।’ মেসির সঙ্গে এই ছবিটি পোস্ট করেছেন মুসোন্দা।

তৃতীয় পোস্টটিতে লামিশা আরও স্পষ্ট করে লেখেন, ‘আমাকে মেনে নিতে হয়েছে যে আমার শারীরিক অবস্থা সংকটজনক। এখন আমি শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছি। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল ছাড়ব না।’ তবে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা আরেকটি পোস্ট ফুটবলবিশ্বকে কাঁপিয়ে দেয়, ‘যখন আমি বুঝতে পারছি যে হয়তো আমার হাতে আর কয়েকদিনই বাকি, তখন এটাও উপলব্ধি করছি যে জীবনে আমি কত মানুষকে পাশে পেয়েছি। এই স্মৃতিগুলো আমি চিরকাল আগলে রাখব। জীবন কঠিন, কিন্তু এর দৃশ্য খুব সুন্দর।’

এই পোস্টগুলোর সঙ্গে তিনি নিজের ফুটবল ক্যারিয়ারের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন—চেলসির জার্সিতে তোলা ছবি, এমনকি সাবেক টেনিস তারকা অ্যান্ডি মারের সঙ্গেও একটি ছবি প্রকাশ করেন। মুসোন্দার এই বার্তাগুলো প্রকাশের পরই সমর্থন ও ভালোবাসার বন্যা বইতে শুরু করে। আর্জেন্টিনার সাবেক রিভার প্লেট ফুটবলার ও আন্দারলেখটে সতীর্থ মাতিয়াস সুয়ারেজ লেখেন, ‘চলো ভাই, শক্ত থাকো। তুমি একজন যোদ্ধা।’ বেলজিয়াম ও ইন্টার মিলান তারকা রোমেলু লুকাকুও পাশে দাঁড়ান, ‘সাহস রাখো, লামিশা। আমরা তোমার সঙ্গে আছি।’

সমর্থকদের প্রতিক্রিয়ায় আপ্লুত হয়ে মুসোন্দা আরেকটি পোস্টে লেখেন, ‘সবাই যে ভালোবাসা, ইতিবাচক বার্তা ও প্রার্থনা পাঠিয়েছেন, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার পরিবার—আমার বাবা-মা ও ভাইয়েরা আমাকে সবকিছুর চেয়েও বেশি ভালোবাসেন। আমি নিখুঁত মানুষ নই—কেউই নয়। ফুটবল ও পড়াশোনা আমাকে জীবনের আসল শিক্ষা দিয়েছে। আমি চাই মানুষ আমাকে এমন একজন হিসেবে মনে রাখুক, যে প্রশংসার চেয়ে ভালো মানুষদের গুরুত্ব দিয়েছে। তারা হোক সতীর্থ, শিক্ষক, কোচ কিংবা বাসচালক। তাদের জন্যই আমি লড়াই করছি।’

মুসোন্দা পরিবারের ফুটবলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক রয়েছে। তার বাবা চার্লি মুসোন্দা সিনিয়র ১৯৮৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বেলজিয়ান ক্লাব আন্দারলেখটের হয়ে ১৫০টির বেশি ম্যাচ খেলেছেন। তার ভাই চার্লি মুসোন্দা জুনিয়র চেলসির মূল দলে সাতটি ম্যাচ খেলেছিলেন এবং পরে স্পেনের রিয়াল বেতিসসহ বিভিন্ন ক্লাবে খেলেন। আরেক ভাই টিকা মুসোন্দা বর্তমানে ইংল্যান্ডের লিভারপুল ক্লাবে স্কাউট হিসেবে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত