মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হানিফ ছৈয়াল (৭৫), তার স্ত্রী ফিরুজা খাতুন (৫০), শ্যালিকা রোকেয়া বেগম (৪০), ছেলে মিজানুর রহমান (২৫) ও আলী ইমামকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আপরকাঠি গ্রামের হানিফ সৈয়ালের সঙ্গে সাগর সৈয়ালের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন সকালে ওই বিরোধপূর্ণ জমিতে সাগর সৈয়ালের ছেলে সজিব সৈয়াল ও আশিক সৈয়াল লোকজন নিয়ে আম ও হিজল গাছ কাটতে যায়। এতে হানিফ সৈয়ালের লোকজন বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে সাগর সৈয়ালের দুই ছেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি গ্রুপ হানিফ সৈয়ালের বাড়িতে হামলা চালায়।
এসময় হানিফ সৈয়ালসহ তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।