চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল প্রকাশ ওরফে শিবির জামাল (৪৫) নামে এক ব্যক্তি দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে তিনি নিহত হয়েছেন। নিহত মো. জামাল ওই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ীর পাশে গুলি করে চলে যায় দুস্কৃতকারীরা। তবে কে বা কারা গুলি করেছে, সেটা কেউ নিশ্চিত করতে পারেননি।
এ ঘটনায় নাসির নামের আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় পুলিশ সুরতহাল তৈরী করছেন। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।