ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠন করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত তদন্তের আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
জানা গেছে, হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে সনদ বাতিলের সিদ্ধান্ত নেয় বিএসইসি। সেই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং বিষয়টির পূর্ণাঙ্গ যাচাই করতেই এই বিশেষ তদন্ত করা হচ্ছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক শাহরিয়ার পারভেজ, সহকারী পরিচালক কুলসুম আক্তার এবং সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম।
বিএসইসির পক্ষ থেকে বলা হচ্ছে, ব্রোকারেজ হাউজটির সার্বিক কার্যক্রমে অসঙ্গতি আছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো অসঙ্গতি পাওয়া গেলে সেই অনুযায়ী কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে ব্রোকারেজ হাউজগুলোর আর্থিক স্বচ্ছতা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে বিএসইসি নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ট্রেক হোল্ডারের বিরুদ্ধে নিয়মিত পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গ্রাহকদের সিকিউরিটিজ ও অর্থ যথাযথভাবে সংরক্ষণ না হলে বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের ধাক্কা লাগে। অতীতে কয়েকটি ব্রোকারেজ হাউজে অনিয়মের অভিযোগ ওঠার পর কমিশন কঠোর অবস্থান নেয়।