সুন্দরবনের কালাবগি থেকে ৪৯০ কেজি কাঁকড়াসহ পাঁচজন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে সুন্দরবনসংলগ্ন কালাবগিতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ওই কাঁকড়াসহ পাঁচজনকে আটক করে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দাকোপ উপজেলার সুন্দরবনের কালাবগিসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ পাঁচ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ কাঁকড়া ও আটক ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।