মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দী এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের এক ভ্যারাইটিজ ষ্টোরের দোকানদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, দোকান ভাংচুর, লুটপাট ও নারী শিশুদের মারধর করে স্থানীয় উঠতি সন্ত্রাসীরা।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বালুয়াকান্দীস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনের পাশে অবস্থিত নিজ দোকানে এই ঘটনা ঘটে।
আহত ঐ দোকানদার মাজহারুল ইসলাম বুলবুল উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা (বর্তমান ছোট বালুয়াকান্দী) গ্রামের আব্দুল বারেক চেয়ারম্যানের ছেলে।
ভুক্তভোগীর ছোট ভাই শাহ আলম জানান, দোকানটা দেওয়ার পর থেকে তারা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় তেতৈতলা গ্রামের আল ইসলামের ছেলে দোকানে এসে চা সিগারেট নিয়ে ৫শত টাকার নোট দিলে, ভাইয়ে ভাংতি না দিতে পারায় কথা কাটাকাটি হয়, এর কিছুক্ষণ পরই অজ্ঞাত ১৪/১৫ জনের একটা দল এসে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম, দোকান পাঠ ভাংচুর, লুটপাট করে এ সময় বাড়ির নারীরা এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. শারমিন সুলতানা ঘটনার সততা নিশ্চিত করে বলেন, শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, রাতেই এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, পুলিশ আসামিকে আটক করতে তৎপর রয়েছে।