টেঁটাবিদ্ধ আতাউরের হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় হত্যার উদ্দেশে প্রবীণ বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন মেম্বার ও তার ছোট ভাই আতাউর,সোহেল, ভাতিজা বাইজিতের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদ ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর চার রাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত এই কিশোর গ্যাং সদস্যদের নির্মূল করা না গেলে এই গ্রামে হত্যাকাণ্ড ঘটবে।

মানববন্ধনে স্থানীয় ইদ্রিস দেওয়ান বলেন, আমরা গ্রামে কোনো সহিংসা চাই না। আমাদের গ্রাম একটা শান্তিপূর্ণ এলাকা কিন্তু এখন এই কিশোর গ্যাংয়ের কারণে একের পর ঘটনা ঘটেই চলছে। প্রতিকারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয় রুবেল হোসেন বলেন,গিয়াস উদ্দীন মেম্বারের ওপর যে অতর্কিত টেঁটা দ্বারা হামলা হয়েছে,আমরা এই এলাকায় এমন হামলা কল্পনাও করিনি। এই হামলায় অন্তত পাঁচ লোকের প্রাণ যেতে পারতো,আতাউর রহমান অল্পের জন্য বেঁচে গেছে। আমরা এর নিন্দা জানাই। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত গ্রেপ্তার ও গ্রামবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

টেংগারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধন বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি রোকন উদ্দিন মুন্সী, জহিরুল ইসলাম,ফারুক সরকার, জসিম উদ্দিন, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম সরকার, সিরাজ দেওয়ান প্রমুখ।  এছাড়া গ্রামের সকল স্তরের হাজারো মানুষ এতে অংশ নেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত