স্মিথ-বাবরকে বল করা হলো না রিশাদের; সবার আগে প্লে অফে তার দল

বল হাতে বিগ ব্যাশ মাতাচ্ছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। আজ রবিবার তার দল হোবার্ট হারিকেনসের প্রতিপক্ষ ছিল সিডনি সিক্সার্স। কিন্তু বৃষ্টির কারণে বোলিং মার্কে দাঁড়িয়েও বল ছোড়া হলো না রিশাদের। হঠাৎ বৃষ্টিতে দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছাড়েন। পরবর্তীতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সিডনির হয়ে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন অস্ট্রেলিয়ার সুপারস্টার স্টিভেন স্মিথ এবং পাকিস্তানের বাবর আজম। ৫ ওভারে ৩২ রান তুলেছিল সিডনি। ৬ষ্ঠ ওভারে রিশাদকে আনা হয় বোলিংয়ের জন্য। তিনি বল হাতে বোলিং প্রান্তেও আসেন। ঠিক তখনই নেমে আসে বেরসিক বৃষ্টি। স্মিথ এবং বাবরকে আর বল করতে পারেননি রিশাদ। এই দুই তারকার ওপেনিং জুটিও দীর্ঘায়িত হলো না।

৯ ম্যাচে ৬ জয় ও ২ হার নিয়ে হোবার্টের সংগ্রহ ১৩ পয়েন্ট। গ্রুপ পর্বে এখনো তাদের একটি ম্যাচ বাকি রয়েছে। অন্যদিকে সিডনি সিক্সার্স ৮ ম্যাচে ৪টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এই মৌসুমেই প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে খেলছেন রিশাদ হোসেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১ উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৭.৬৩।