দেশের মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই: সালাহ

আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেই আবেগঘন প্রতিক্রিয়া জানালেন মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। আইভরি কোস্টকে ৩–২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার পর লিভারপুল তারকা জানালেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানোই তাদের সবচেয়ে বড় প্রেরণা।

কোয়ার্টার ফাইনালের পর সালাহ বলেন, ‘আমরা চেষ্টা করি, আমরা লড়াই করি। কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। মিসরের জন্য আমরা শতভাগ উজাড় করে দেই। আইভরি কোস্টের বিপক্ষে যেমন দিয়েছি, সেমিফাইনালে সেনেগালের বিপক্ষেও ঠিক তেমনটাই দেব। আমাদের প্রতিপক্ষের দলে ছিল বিশ্বমানের খেলোয়াড়, তবুও আমরা বিশ্বাস রেখেছি নিজেদের ওপর। জাতীয় দলে সতীর্থদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।’

মিসরীয় ফুটবলের সোনালি প্রজন্মের স্মৃতিচারণ করে সালাহ বলেন, ‘আমি সেই প্রজন্মের সাফল্য দেখেছি, কিন্তু বর্তমান দলটির সঙ্গে খেলতে পেরে আমি আরও বেশি আনন্দিত। এই প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে অনেক চাপ সহ্য করে খেলছে। তবুও সবাই দেশের জন্য কিছু করতে চায়, সবাই মিসরের হয়ে জিততে চায়। ফুটবলে আমি যা করেছি, তা দেখে যদি মিসরীয়রা গর্ববোধ করে, তার চেয়ে বড় কিছু আর নেই।’

নিজের ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে সালাহ বলেন, ‘আমি মনে করি, এটাই আমার ক্যারিয়ারের সেরা ট্রেনিং ক্যাম্প। সবাই উৎফুল্ল, আত্মবিশ্বাসী। মিসরে এমন কেউ নেই যে আফ্রিকা কাপ জিততে আমার চেয়ে বেশি চায়। আমি প্রায় সবকিছু জিতেছি, শুধু এই শিরোপাটা ছাড়া। চাপ আমার জন্য নতুন নয়—আরও চাপ নিতে হলেও সমস্যা নেই।’

সেমিফাইনালে মিসরের প্রতিপক্ষ সেনেগাল, যারা ৪ বছর আগে আফ্রিকার চ্যাম্পিয়ন হয়েছিল। এ বিষয়ে সালাহ বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড় ঘরোয়া লিগে খেলে, সঙ্গে কয়েকজন প্রবাসী পেশাদার। একসময় এ নিয়ে মন্তব্য হয়েছিল, কিন্তু সেটাই আমাদের আরও অনুপ্রাণিত করেছে দেশের জন্য বেশি কিছু দেওয়ার। ফলাফল যাই হোক, আমি খেলোয়াড় ও কোচিং স্টাফ—সবার ওপর গর্বিত।’