মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজল শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজল শেখ জেলা সদরের বজ্রযোগিনী ইউনিয়নের রামশিং গ্রামের বাসিন্দা।
টঙ্গীবাড়ি থানার এসআই শহীদুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার ধীপুর গ্রামের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়ক পারাপার হওয়ার সময় বৃদ্ধকে দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
এতে স্থানীয়রা আহত অবস্থায় ওই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে।