জুড়ীতে মাটি কাটাকে কেন্দ্র করে ২ জনের কারাদণ্ড 

মৌলভীবাজারের জুড়ীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

আটকরা হলেন- কৃষি জমির মালিক জামাল উদ্দিন ও ট্রাক চালক রায়হান আহমেদ। ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস এবং রায়হান আহমেদকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় মাটি কাটায় সহায়তার অভিযোগে জুলাই যোদ্ধা ও ছাত্র সমন্বয়ক তারেক মিয়াকেও আটক করে এসিল্যান্ড অফিসে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে তারেকের সহযোদ্ধারা তাকে আটকের প্রতিবাদে এসিল্যান্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা তারেক মিয়াকে সঙ্গে নিয়ে অফিস ত্যাগ করেন।

ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সন্ধ্যায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জুলাই যোদ্ধা তারেক মিয়া বলেন, কারাদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি প্রশাসনের অনুমতি নিয়েই মাটি কাটছিলেন। একপর্যায়ে অনুমতির চেয়ে কিছুটা বেশি মাটি কাটা হয়। পরে বিষয়টি মীমাংসা হয়। অতিরিক্ত কাটা মাটি ভরাট করে দেওয়া হবে। এসব কথা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলার কারণে তাকে সহকারী হিসেবে চিহ্নিত করে ৫০ হাজার টাকা জরিমানা করে তিনজনকেই এসিল্যান্ড অফিসে নেওয়া হয়। পরে অফিসে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় এসিল্যান্ড দুঃখপ্রকাশ করে তাকে ছেড়ে দেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তেগীর বলেন, এসিল্যান্ড দুঃখপ্রকাশ করে ছেড়ে দিয়েছেন এমন বক্তব্য সঠিক নয়। তার বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।