নোয়াখালী জেলা শহর মাইজদীতে সুধারাম থানার পাশেই সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ ভরি ৪ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার।
গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী পুলিশ সুপার এ.টি.এম মোশারফ হোসেন এসব তথ্য জানান। গত শনিবার কুমিল্লা জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা স্বর্ণ চোরচক্রের মূলহোতা মো. মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার ও মো. আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)-কে গ্রেপ্তার করা হয়।
গত ১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার নিলয় জুয়েলার্সের শাটারের তালা কেটে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর ভাঙা সড়কে অভিযান চালিয়ে আসামি মোশাররফ ও শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৩ ভরি ৫ আনা ২ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার বড় দিঘীরপাড় এলাকায় শিল্পীর বাসা তল্লাশি করে ৫ ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার এ.টি.এম মোশারফ হোসেন আরও বলেন, মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।