মৌলভীবাজারের জুড়ীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে দুজনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। আটককৃতরা হলেন কৃষি জমির মালিক জামাল উদ্দিন ও ট্রাক চালক রায়হান আহমেদ। ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস এবং রায়হান আহমেদকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
এ সময় মাটি কাটায় সহায়তার অভিযোগে জুলাই যোদ্ধা ও ছাত্র সমন্বয়ক তারেক মিয়াকেও আটক করে এসিল্যান্ড অফিসে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে তারেকের সহযোদ্ধারা তাকে আটকের প্রতিবাদে এসিল্যান্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা তারেক মিয়াকে সঙ্গে নিয়ে অফিস ত্যাগ করেন। ঘটনার পর সাবরিনা আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তারেক মিয়া বলেন, কারাদন্ডপ্রাপ্ত দুই ব্যক্তি প্রশাসনের অনুমতি নিয়েই মাটি কাটছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সহকারী হিসেবে চিহ্নিত করে ৫০ হাজার টাকা জরিমানা করে তিনজনকেই এসিল্যান্ড অফিসে নেওয়া হয়। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তগীর বলেন, তার বিরুদ্ধে অভিযোগ না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।