ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার কোনো দলকে কোনো ধরনের এক্সট্রা প্রিভিলেজ বা বাড়তি সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এ বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্যের জন্য আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে পারেন, তবে সরকারের অবস্থান নিরপেক্ষ।’ গতকাল রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন এবং সরকার মনে করে এখন যথেষ্ট ভালো পরিবেশ আছে। ছোট-বড় সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী কার্যক্রম ও সুযোগগুলো যথাযথভাবে ব্যবহার করছে। ২২ জানুয়ারি থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তখন সবার জন্য সমান সুযোগের বিষয়টি আরও স্পষ্ট হবে।
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালোভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং আসন্ন নির্বাচনের জন্য একটি আদর্শ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বিদ্যমান রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও তৎপর।
শফিকুল আলম বলেন, সাম্প্রতিককালে তিনটি বিশাল ইভেন্ট আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেছে। ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান বিন হাদির জানাজা, ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল র্যালি এবং খালেদা জিয়ার জানাজা এ প্রতিটি অনুষ্ঠানেই রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসব কর্মসূচি সম্পন্ন হওয়া প্রমাণ করে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও মনোবল এখন যথেষ্ট চাঙ্গা।
দেশে বিচ্ছিন্নভাবে ঘটা কিছু অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকান্ডে মূল শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকা-ের ঘটনায় নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতসহ ডজনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
গণভোটের প্রচারণা চালাবে সরকার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। গণভোটে ‘না’ ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না। আর ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকবে।
এরকম অবস্থায় সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকার যেখানে গণভোটের আয়োজক, সেখানে তারা একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারে কি না। সংবাদ সম্মেলনে এ বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে শফিকুল আলম বলেন, “এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন, আমরা স্পষ্টভাবে বলছি, সরকার এখানে ‘হ্যাঁ’ ভোটের জন্য বলবে, জনগণকে বলবে।” ‘এ বিষয়ে অন্তর্বর্তী সরকার আইনি পরামর্শ নিয়েছিল এবং এই টপ লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই’ যোগ করেন তিনি।
সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ : নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকা-কে সাম্প্রদায়িক হামলা দাবি করে বিবৃতি দিয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। তবে, হত্যাকা-টি পূর্বশত্রুতার জেরে হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
ফরেন সার্ভিস একাডেমির ওই ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিককালে কিছু ঘটনায় একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায়, অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী হত্যার শিকার হয়েছেন। পুলিশ এবং পরিবারের প্রাথমিক ধারণা, তিনি পারিবারিক ও ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন। যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেককেই দেখা গেছে, ইতিপূর্বে নানান ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেছেন। উনারা সেসব জায়গায় ভিজিট করেছেন। আমরা প্রত্যাশা করব, কোনো ঘটনায় যদি উনাদের উদ্বেগ তৈরি হয়, তাহলে যাচাই-বাছাই করবেন। মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই-বাছাই করবেন, প্রয়োজনে সরেজমিনে ভিজিট করবেন।’