শাহজাদপুরে নরসুন্দররা ভাল নেই

সিরাজগঞ্জের শাহজাদপুরে নরসুন্দররা (নাপিত) ভাল নেই। প্রচণ্ড শীতে সাধারণ মানুষ বাইরে বের না হওয়ায় নরসুন্দরদের আয়-রোজগারে ধাক্কা লেগেছে। খোঁজ নিয়ে জানা গেছে শাহজাদপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রায় হাজারখানেক নাপিত চুল কাটার কাজের সঙ্গে জড়িত। বর্তমানে বৈরী আবহাওয়ার কারনে মানুষ খুব একটা চুল-দাড়ি কাটছেন না। তাই অধিকাংশ সেলুন প্রায় লোকশূন্য। 

শাহজাদপুর হেয়ারকাটিং সমিতির সভাপতি সুশীল শীল জানান, শাহজাদপুর উপজেলা সদরেই প্রায় ৭৫ থেকে ৮০টি সেলুন রয়েছে। এরসঙ্গে কাজে জড়িত রয়েছে প্রায় তিন’শ জন অর্থাৎ তিনশত পরিবার। শীতের আগমনের সঙ্গে সঙ্গে নভেম্বর মাসের শেষ দিক থেকেই নরসুন্দরদের কাজ কমতে শুরু করে।  

ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কাজের মন্দা ভাব চললেও মার্চ মাস থকে ফের কাজের গতি বাড়তে থাকে। ফলে শীত মৌসুম শুরুর পর থেকেই সেলুনের কাজের সঙ্গে জড়িতদের হাতে তেমন কাজ না থাকায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। 

তিনি আরো জানান, প্রতিটি সেলুন মালিককে ভাড়া জায়গায় সেলুন পরিচালনা করতে হয়। ঘর ভাড়া ও বিদ্যুৎ বিলের অর্থ জোগার করাটাই তাদের পক্ষে এখন অসম্ভব হয়ে পরেছে। 

শাহজাদপুর পৌরসদরের মনিরামপুর বাজারের আরেক সেলুন মালিক হিরেন দাস জানান, তিনি পেশা বদল করে দীর্ঘ দিন ধরে সেলুনের দোকান দিয়ে নাপিতের কাজ করছেন। তার দুই সন্তান স্কুলে লেখা পড়া করে। বাড়িতে অসুস্থ বাবা-মা রয়েছে। শীতে এবার কাজ না থাকায় তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তিনি জানান যারা সেলুন ব্যবসার সঙ্গে জড়িত তাদের সবার এখন কষ্টে দিন কাটছে।