নোয়াখালীর হাতিয়ায় সিএনজির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো. আইমান (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার একই পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি আমি শুনেছি, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে, এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, হাতিয়ায় সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চালনার কারণে প্রায়ই সিএনজি দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।