বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়ন ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২) থেকে জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়। সার্কুলারে স্বাক্ষর করেন ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এফইপিডি-২-এর পরিচালক মোনোয়ার উদ্দিন আহমেদ। সার্কুলার অনুযায়ী, সংশোধিত ফি ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি জারি করা এফই সার্কুলার নং ০৩/২০০২ অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের প্রতি বছর ৫ হাজার টাকা করে অফেরতযোগ্য নবায়ন ফি পরিশোধ করতে হতো। সর্বশেষ সার্কুলারে ওই বিধান সংশোধন করে নবায়ন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।