ভোলা-১ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার বিকেলে তার মনোননীত আইনজীবী আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। এদিকে গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র প্রত্যাহারের পর এ আসনে বিএনপি জোটের একক প্রার্থী থাকলেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রিটার্নিং অফিসার ও ভোলার জেলা প্রশাসক শামীম রহমান জানান, গতকাল বিকেলে গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন আইনজীবীর মাধ্যমে পেয়েছেন। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে।
জানা যায়, গোলাম নবী আলমগীরের ১১ জানুয়ারি স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনটি গতকাল রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে ব্যারিস্টার পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান, এনপিপির মিজানুর রহমান, গণ অধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল
ওি ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।