ভোলা-১ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকালে তার মনোননীত আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন জমা দেন।
তার মনোনয়নপত্র প্রত্যাহারের পর এ আসনে বিএনপির জোটের একক প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রিটার্নিং অফিসার ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, গোলাম নবী আলমগীরের মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন আইনজীবীর মাধ্যমে পেয়েছেন। নিয়ম অনুযায়ী তা জমা নেওয়া হয়েছে।
গোলাম নবী আলমগীরের ১১ জানুয়ানি স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনটি ১২ জানুয়ারি রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যা ৩জানুয়ারির যাচাইতে বৈধ হিসেবে গণ্য হয়। ব্যক্তিগত কারণে উক্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেতও মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান, এনপিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো.আইনুর রহমান জুয়েল ও ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।