চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের  মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

আখতার আহমেদ জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ১৭ টি আপিল না মঞ্জুর করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলে গত ৪ দিনে আপিলের শুনানি শেষে ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এরআগে সোমবার ৪১টি আপিল আবেদন মঞ্জুর করে ইসি। রবিবার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল। 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়। আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।