পরীক্ষায় ডিভাইস ব্যবহার গাইবান্ধায় ২৬ জন রিমান্ডে

গাইবান্ধায় গত শুক্রবার অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা ও গাইবান্ধা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সোহান মিয়া এ আবেদন করেন। আদালত প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গাইবান্ধা জজ আদালতের পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘সদর থানায় করা মামলায় ৩৭ জনের মধ্যে ২৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুদিনের মঞ্জুর করেন। বাকি ১১ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস জানান, গত শুক্রবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক ৫১ জনের বিরুদ্ধে শনিবার পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৩৭ জনের বিরুদ্ধে একটি, পলাশবাড়ী থানায় ১১ জনের বিরুদ্ধে একটি এবং ফুলছড়ি থানায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।