শেখ হাসিনাকে সমর্থন

ট্রাইব্যুনালে ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ

জুলাই অভ্যুত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার অভিযোগে তার সাবেক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২২ জুলাই সরকারপ্রধানের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ীরা শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন সালমান এফ রহমান। অভিযোগ জমা দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমরা ২৫ জন ব্যবসায়ীর নাম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অভিযোগ দাখিল করেছি। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তি রয়েছেন। আমরা প্রসিকিউশনকে বলেছি, যত দ্রুত সম্ভব আদর্শভাবে আজকের মধ্যেই এটি তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হোক এবং অতি দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করে চার্জশিট প্রদান করা হোক।’

রিফাত রশীদ আরও বলেন, ‘এই আওয়ামী লীগের টাকায় আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই আওয়ামী লীগের টাকায় এখনো আমার বোনদের অনলাইনে এতটা নোংরাভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হচ্ছে যে, তাদের আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম, সব ভুল ভ্রান্তি শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। এই আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিল, সেগুলোও পলায়ন করবে। কিন্তু দুঃখজনকভাবে এগুলো মোটেও পলায়ন করেনি; বরং ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, লিগ্যাল সেলের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, নারী সেলের সম্পাদক নূপুর আক্তার নোভা প্রমুখ।