নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নামার আগে এক প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল। নেপালের কীর্তিপুরের টিইউ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে অপরাজিত ঝড়ো ফিফটি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন।
বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের টপ অর্ডার দ্রুত ধসে পড়ে। দুই ওপেনার দিলারা আক্তার (৬) এবং জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা (২) কেউই দুই অংকে যেতে পারেননি। এরপর সোবহানা মোস্তারি এবং নিগার সুলতানা দুর্দান্ত জুটি গড়েন। সোবহানা ৫৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৯ রান করেন রান-আউট হন। নিগার অপরাজিত থাকেন ৫১ বলে ৭৫ রানে। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ১টি ছক্কার মার। ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ।
জবাবে নেদারল্যান্ডস ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। দলটির হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মিডল অর্ডার ব্যাটার স্টেরি কালিস। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রাবেঢা খাতুন। রিতু মনি নেন ৩ ওভারে ১৭ রানে ২টি। এছাড়া নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।