বরগুনার তালতলী উপজেলায় নির্ধারিত কর্মদিবসে অফিসে অনুপস্থিত থাকার অভিযোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মানজুরুল হক কাওছারকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়। নোটিসে উল্লেখ করা হয়, সরকারের দায়িত্ব পালনে তার গাফিলতি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
গত মঙ্গলবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিসে বলা হয়, আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে মূল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্বে তালতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ে দায়িত্ব পালন করলেও নির্ধারিত কর্মদিবসে অফিসে উপস্থিত ছিলেন না।
নোটিসে উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি তিনি তালতলী কার্যালয়ে থাকার কথা থাকলেও সেদিন অফিসে আসেননি। অথচ তিনি পূর্বেই লিখিতভাবে জানিয়েছিলেন যে, প্রতি সপ্তাহের সোমবার তিনি তালতলী কার্যালয়ে উপস্থিত থাকবেন। অফিসে তার অনুপস্থিতির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং সরকারি সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও নোটিসে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।