ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ও রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জের সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হন। নিহতরা হলেন সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)। তারা দুজনই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে ভৈরবে চলে যান।

হাটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ডের আগে পাংশা ফ্লিলিং স্টেশনের পাশে পশ্চিম কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা পৌরসভার কুরাপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৯) ও একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সজীব (১৬)।

স্থানীয়রা জানায়, পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডের পাশে ব্যাডমিন্টন খেলা শেষ করে বাড়িতে ফিরছিল। এ সময় তারা পাংশ ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজীব মারা যান। আহত অবস্থায় মিরাজকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মো. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান মুরাদ বলেন, অজ্ঞাত একটি ট্রাকের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন। মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।