পটুয়াখালীর দুমকিতে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা আর শীতল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, তাপমাত্রা কমে যাওয়ায় নদী-সংলগ্ন চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে পড়েছেন। পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা আজাহার হাওলাদার বলেন, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা বেশি কষ্ট পাচ্ছেন। দিনমজুর, জেলে ও খেটে খাওয়া মানুষ কাজের অভাবে পড়ায় আয় কমে গেছে।
দুমকি উপজেলার পায়রা, পান্ডব ও লোহালিয়া নদী ও খালপাড় এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শীতের কারণে অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এদিকে শীত জনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন। তারা শীত থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
