পে-স্কেল আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিজীবীদের

নবম পে-স্কেল ও রেশনিং পদ্ধতি চালুসহ ৭ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ দেশের ৬৪ জেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংগঠনটির সমন্বয়ক মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার পে-কমিশন গঠন করে দিলেও এখন পর্যন্ত কমিশন রিপোর্ট প্রদান না করায় অর্থমন্ত্রণালয় ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে পারছে না মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। 

দ্রব্য-মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার, প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের ১৫ দিনও চলা সম্ভব হয় না। 

৫ বছর পর পর পে-স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও ২০১৫ সালের অষ্টম পে-স্কেল প্রদানের পর দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হয়েছে।