বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবির এই পরিচালককে অর্থ কমিটির প্রধান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন তারা। তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে ও তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমাদের নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে, ছেলেদের জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে, অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। সব ধরনের খেলাধুলা বন্ধ করলে এসব দলের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিপিএলও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। তাই আমরা আমাদের আগের অবস্থান পুনর্বিবেচনা করেছি।”
কোয়াব আরও জানিয়েছে, “বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরানোর সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। পরিচালক পদ সংক্রান্ত প্রক্রিয়ার জন্য বিসিবি যে সময় চেয়েছে, আমরা সেটি দিতে চাই। আশা করি প্রক্রিয়াটি অব্যাহত থাকবে। পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যদি প্রকাশ্যে ক্ষমা চান, আমরা শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত।”
তবে বিসিবি সূত্র জানিয়েছে, নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইতে এখনো রাজি নন। শুক্রবার থেকে বিপিএলের খেলা শুরু হবে কি না এবং বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলোর ভাগ্য কী হবে, এ সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।