ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে!

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে গতকাল বিপিএলের ম্যাচ বর্জন করেছিলেন ক্রিকেটাররা। পরে শর্তসাপেক্ষে তারা মাঠে ফিরতে রাজি হয়েছেন। কিন্তু জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

মোহাম্মদ মিঠুন বলেন, দেশি-বিদেশি কয়েকটি অচেনা নম্বর থেকে এসব হুমকি দেওয়া হচ্ছে। কেউ হুমকি দিচ্ছেন দেখে নেওয়ার, কেউ ভয় দেখাচ্ছেন রাস্তাঘাটে হেনস্থা করার। গুলি করে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। গালিগালাজ তো চলছেই। তবে শুধু মিঠুনই নন, নাজমুল ইসলামের কটুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া অনেক ক্রিকেটারই এমন হুমকি পাচ্ছেন।

ক্রিকেটারদের হুমকির কারণে গতকাল বিপিএলের ম্যাচ হয়নি। পরে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দেয় বিসিবি। ক্রিকেটাররা এক পর্যায়ে নাজমুলের ক্ষমতা চাওয়া এবং তাকে অপসারণের প্রক্রিয়া চালু রাখার শর্তে মাঠে ফেরার ঘোষণা দিলে আজ শুক্রবার থেকে ফের বিপিএল শুরুর ঘোষণা আসে। গতকাল রাত ৯টার পর থেকেই ফোনে হুমকি বেড়ে গেছে বলে জানান মিঠুন।

তার দাবি, ফোন কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গালাগালসহ এসব হুমকি দেওয়া হচ্ছে। হুমকিতে বলা হচ্ছে, ক্রিকেটাররা 'দালালি' করে দেশে 'অস্থিতিশীল পরিবেশ' সৃষ্টি করেছেন। ‘আজকের পর থেকে কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না’ – এমন ধরনের কথাও বলা হচ্ছে! এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন বলেও জানিয়েছেন মিঠুন।