চট্টগ্রামের আনোয়ারায় নিজের মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার খাদ্য গুদামের পাশে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইছামতী খালে এঘটনা ঘটে।
নিহত শিশু রাইছা (৮) উপজেলার সৈয়দ কুচাইয়া গ্রামের সৌদি প্রবাসী কায়সারের মেয়ে।
মা জান্নাতুল ফেরদৌস উপজেলার সুজারমল্লাপাড়ার আব্দুল লতিফের মেয়ে। জান্নাতুল ফেরদৌসের রেজভী (১৩) ও রামিম (১০) নামের আরও দুই ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালে এক নারীকে মুমূর্ষু অবস্থায় দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে এসে ওই নারীকে উদ্ধার করে। এ সময় তার সঙ্গে শিশুটিকেও পাওয়া যায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক শিশুটির মৃত ঘোষণা করে।
স্বজনরা জানায়, ১৪ বছর আগে কায়সারের সঙ্গে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। প্রতিদিনের মতো সকালে মেয়েকে স্কুলে পাঠানোর কথা বলে ঘর থেকে বের হয়েছিল তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিবি জয়নাব বলেন, আহত মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছেন গৃহবধূ। হাসপাতালে চিকিৎসাধীন নিহত শিশুর মা সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।