নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুলকে (২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে র্যাব-১১ নরসিংদী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ নরসিংদী ও র্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়ার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রাজন (৩৭) ও রাজনের স্ত্রী জারা (৩০)।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর এলাকায় র্যাবের দুটি টিম যৌথ অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকা-ে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকা-ে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদলকর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা মোশাররফ হোসেন ভূইয়া বাদী হয়ে গ্রেপ্তার রাজন ও তার স্ত্রী জারাসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন।