কুমিল্লার মুরাদনগরে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে সাত বছরের শিশু লিসা মনির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া মধ্যপাড়ার পিপিয়াপাড়া গ্রামের মোচাগড়া পূর্ব গ্রাম সমিতির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাসেল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত লিসা মনি মোচাগড়া গ্রামের শরীফ মিয়ার মেয়ে। আটক যুবক রাসেল মিয়া একই গ্রামের রবি আলমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে লিসার মা তানিয়া আক্তার মেয়েকে স্থানীয় মসজিদের মক্তবে পড়তে দিয়ে বাজারে যান। বাজার থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় দুই শিশু জানায়, রাসেল লিসাকে নিয়ে মোচাগড়া পূর্ব গ্রাম সমিতির পরিত্যক্ত সেপটিক ট্যাংকের দিকে গেছে।
খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ওই সেপটিক ট্যাংকে গিয়ে লিসার নিথর দেহ দেখতে পান। পরে ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন রাসেলকে আটক করলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।