রাজবাড়ীতে পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে চলে যাওয়ার সময় টাকার জন্য গাড়ির পিছু নিলে পাম্পের কর্মচারী রিপন সাহাকে (২৯) গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গাড়ির মালিক আবুল হোসেন সুজন ও চালক কালাম সরদার। আবুল হোসেন সুজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামে। তার বাবার নাম আলী মিয়া। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া তিনি পেশায় একজন ঠিকাদার। কালাম সরদার বানিবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামের আক্তার সরদারের ছেলে।

করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি ও রিপন দায়িত্ব পালন করছিলেন। ভোরে একটি কালো রঙের পাজেরো জিপ এসে পাম্পে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে একজন নেমে এসে পাঁচ হাজার টাকার তেল দিতে বলেন। তেল দেওয়ার পর তিনি টাকা না দিয়েই গাড়িতে উঠে বসেন। এ সময় টাকা দিতে নানা ধরনের টালবাহানা করছিলেন। এক পর্যায়ে টাকা না দিয়ে গাড়িতে গিয়ে বসেন তিনি। এরপর গাড়ি চালিয়ে চলে যেতে থাকেন গাড়িচালক। এ সময় রিপন গাড়ির পিছু নেন। গাড়ি জোরে টান দিলে রিপনও জোরে দৌড়াতে থাকেন। পরে সামনে গিয়ে দেখা যায় রিপনের থেঁতলানো নিথর দেহ পড়ে আছে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘জিপগাড়ির মালিক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।’