‘মরণোত্তর সম্মান বা পুরস্কার চা্ই না। যে সম্মান জীবদ্দশায় পাওয়া যায় না সেটা মৃত্যুর পর পেয়ে লাভ কী? আক্ষেপের স্বরে এভাবেই বললেন চিত্রতারকা ওমর সানী। বর্তমানে অভিনয়ে অনিয়মিত না হলেও এক সময় তুমুল ব্যস্ততায় থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে দেওয়া স্পষ্টভাষী মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের সংগ্রাম, পারিশ্রমিক না পাওয়া এবং সম্মান নিয়ে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন সানী।
রুম্মান রশীদ খানের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের সপ্তম পর্বে ওমর সানী জানান, অভিনয় ক্যারিয়ারের শুরুতেই বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। তিনি বলেন, তার প্রথম দুটি সিনেমা ‘চাঁদের আলো’ ও ‘এই নিয়ে সংসার’র জন্য কোনো পারিশ্রমিকই পাননি। শুধু তাই নয়, আউটডোর শুটিংয়ে যাওয়ার সময় আলাদা গাড়ির ব্যবস্থাও ছিল না। শুটিংয়ের সরঞ্জাম বহনকারী গাড়িতেই করে যাতায়াত করতে হতো তাকে।
এই অভিজ্ঞতা প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এ ধরনের সংগ্রাম একজন শিল্পী করতেই পারে। সত্যিকারের অভিনেতা হতে গেলে স্ট্রাগল জরুরি। আমি একা নই, আমার মতো আরও অনেকেই এসব পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন। স্ট্রাগল ছাড়া শিল্পী হওয়া যায় না।’
ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র ‘অগ্নিপথ’-এ অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো পারিশ্রমিক পান তিনি। সে সময় পেয়েছিলেন প্রায় ৬০-৭০ হাজার টাকা। সেই টাকা দিয়ে নিজের সিনেমার কস্টিউম কিনেছিলেন বলে জানান এই অভিনেতা।