প্রায় তিন দশক পর ফের কুলি চরিত্রে পর্দায় ফিরছেন চিত্রনায়ক ওমর সানী। তবে চলচ্চিত্রে নয়, একটি শর্টফিল্মে তাকে দেখা যাবে এই চরিত্রে। জানা গেছে, স্বল্পদৈর্ঘ্যের সেই চলচ্চিত্রের নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে মহাখালী বাস টার্মিনালে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। মূলত, গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।
নতুন এই প্রোজেক্টে কাজ করা প্রসঙ্গে ওমর সানী সংবাদ মাধ্যমে বলেন, ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তবে আমার চরিত্রটি এখানে ক্যামিও। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে নির্মাতা মহিন খান জানালেন, ভিন্নধর্মী কাজ এটি; নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানীকে এখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে। জানা গেছে, ওমর সানী ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি।
সরকারী অনুদানের অভাবে বন্ধ শুটিং, বেকায়দায় নির্মাতারা
সালমান শাহ হ/ত্যার বিচারের দাবিতে ভক্তদের বি/ক্ষো/ভ